নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট জেলা কৃষক লীগের সদস্য শাহ মো. শাকিব-কে খুঁজতে গিয়ে তার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। হামলায় শাকিবের বড় ভাই শাহ মো. শিহাব উদ্দিন ও তার বোন গুরুতর আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত কিছু লোক শাহ মো. শাকিবের খোঁজে তাদের বাড়িতে যায়। বাড়িতে শাকিবকে না পেয়ে হামলাকারীরা পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং বাড়িঘরে লুটপাট চালায়। এ সময় সামনে থাকা শাকিবের ভাই ও বোনের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।

পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা দেশি-বিদেশি ধারালো অস্ত্র দিয়ে শাকিবের বড় ভাই শাহ মো. শিহাব উদ্দিনকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছে পরিবারটি।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগটি গ্রহণ করেননি বলে দাবি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি জানান, হামলার বিষয়টি তার জানা নেই। তবে তিনি উল্লেখ করেন, শাহ মো. শাকিবের বিরুদ্ধে ইতিমধ্যে কোতোয়ালী থানায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি পলাতক আছেন।