লাখাইয়ে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

sylhetsurma.com
প্রকাশিত জুন ৭, ২০১৭

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :   লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে লেফাই মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে বিকেলে প্রতিপক্ষের হামলায় লেফাই গুরুতর আহত হয়। লেফাই মিয়া ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই গ্রামের বকুল মিয়ার জমিতে লেফাই মিয়ার একটি গরু ধান খায়। এ নিয়ে লেফাই মিয়া এবং বকুল মিয়ার লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লেফাই মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।   লাখাই থানার ওসি শামীম মুছা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি।