স্টাফ রিপোর্টারঃ সিলেটে যুক্তরাজ্য এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় গতকাল শুক্রবার (১১জুলাই) বেলা ২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম আশরাফুল ইসলাম নোবেল। তার বাড়ি জালালাবাদ থানার তালুকদারপাড়া গ্রামে।
অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা পরস্পর যোগসূত্রে মিলিত হয়ে তালুকদারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম নোবেল এর বাড়ীতে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে চলে যায়।
প্রবাসীর পিতা ফারুকুল ইসলাম এ ঘটনায় ব্যপক ক্ষতি হয়েছে বলে জানান প্রতিবেদককে। তিনি আরো জানান আমার ছেলে যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা আশরাফুল ইসলাম নোবেলকে হামলাকারীরা বাড়ীতে না পেয়ে লুটপাটের পাশাপাশি আমাকে ও আমার স্ত্রী কে হুমকি প্রদান করে। আমাদেরকে ভয়ভীতি করে বলে তোদের ছেলে যদি বাড়াবাড়ি করে তাহলে অবস্থা ভালো হবেনা।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম নোবেল ১ বছরের অধিক সময় ধরে যুক্তরাজ্য অবস্থান করছেন। দেশের বর্তমান পরিস্থিতির ওপর অর্থাৎ সরকার পতনের পর বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা হামলা-মামলা, চাঁদাবাজি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার কর্মকাণ্ডের জন্য যুক্তরাজ্যে প্রতিবাদ সভা ও বিভিন্ন সমাবেশে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথা বলায় হামলাকারীরা এর রেশ ধরেই হামলা ও লুটপাট চালিয়েছে।যুক্তরাজ্য প্রবাসী আশরাফুল ইসলাম নোবেল দেশে অবস্থানরত অবস্থায় তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বক্তব্য জানতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা প্রবাসী ভিকটিম পরিবারের খবর পেয়ে তাদের বাড়িতে তাৎক্ষণিক অবস্থান নেই। তাছাড়াও স্থানীয় লোকজনের নিকট জানতে পারি হামলাকারীদের অধিকাংশ নেতাকর্মীরাই ছিলেন ছাত্রদলের। এমনকি এদের মধ্যে কয়েকজন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া আশরাফুল ইসলাম নোবেলের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটা মামলা ও বহাল রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওসি জানান।
তথ্য সূত্র: দৈনিক আলোর দিগন্ত।