আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস।

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯
আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস।

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। এ পর্যন্ত বেশকিছু সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই তারকা অভিনেত্রী। ক্যারিয়ারের লম্বা সময়ে বেশিরভাগ ছবিতেই নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানকে। তবে বর্তমান সময়ের চিত্রটা একটু ভিন্ন। শাকিব খানের বিপরীতে কোনো নতুন ছবিতে দর্শক তাকে আপাতত আর দেখতে পাচ্ছেন না। সবশেষ ‘রাজনীতি’ এবং ‘পাঙ্কু জামাই’ ছবিতে একসঙ্গে দেখা গেছে এই সফল জুটিকে। নতুন বছরে অপু বিশ্বাস তার ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ ভালোই আছি। দেখতে দেখতে নতুন বছরের কয়েকটা দিন চলে গেল।

Manual5 Ad Code

আমি বর্তমানে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির গানের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ছবির কাজ শেষ পর্যায়ে। আগামী ১০ই জানুয়ারি থেকে ঢাকায় এ ছবির গানের শুটিংয়ে অংশ নেব। এ ছবিতে আমার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করছেন। এছাড়া কয়েকটা দিন পর কলকাতার সুধীর মন্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের ছবির ডাবিংয়ে সময় দিব। এইতো। অপু বিশ্বাস আরো বলেন, নতুন বছরে আমার চাওয়া থাকবে, চলচ্চিত্রে যেসব সংকট আমাদের রয়েছে সেগুলোর জন্য সরকারিভাবে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের সহযোগিতায় দ্রুত সমাধান হয়। হাতে হাত রেখে সকলে একসঙ্গে কাজ করলে কোনো সংকট থাকবে না বলেও মনে করেন অপু বিশ্বাস। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ ছবিতে অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার পাশাপাশি একটি নতুন গল্পের ছবি ‘শর্টকাট’। প্রসঙ্গত, ২০০৬ সালে শাকিবের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবির পর অপু বিশ্বাসকে আর ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সফল ছবি। তবে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে নানা বাধা পেরিয়েছেন এ অভিনেত্রী। শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপড়েন তৈরি হলেও সব বাধা অতিক্রম করে সামনের পথটাও ভালোভাবে পাড়ি দিতে চান তিনি। কিছুদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নতুন ফ্ল্যাটে উঠেছেন অপু। সেখানে একমাত্র সন্তান ছোট্ট আব্রামকে ঘিরেই বেশিরভাগ সময় কাটছে তার।

Manual4 Ad Code