• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে বিএনপি নেতার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
হবিগঞ্জে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে বিএনপি নেতার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা

ছবির ক্যাপশন : আহত মো. জহিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।


Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশিকুল ইসলামের ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকালে আশিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাঁর ভাই মো. জহিরুল ইসলামকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেল আনুমানিক ২টার দিকে ছাত্রলীগ নেতা সজল ও তাঁর অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আশিকুল ইসলামের বাড়িতে এসে তাঁকে খোঁজ করতে থাকে। এ সময় আশিকুল ইসলামের ভাই জহিরুল ইসলাম তাঁদের জানান, তাঁর ভাই বাড়িতে নেই। তখন সন্ত্রাসীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে জহিরুল ইসলাম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সজল ও তার সহযোগীরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে বেধড়ক মারধর করে এবং ছুরিকাঘাত করে চলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় জহিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত জহিরুল ইসলামের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, আশিকুল ইসলামের সাথে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতামির জের ধরে এ হামলা চালানো হয়েছে। ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। সন্ত্রাসীরা আশিকুল ইসলামকে না পেয়ে ক্রোধান্বিত হয়ে তার ভাইকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে হবিগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”