মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মিছিলে হামলা, ককটেল বিস্ফোরণ এবং ছাত্রজনতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ তুহিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। তুহিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক।
জানা গেছে, গত ১৫ মার্চ মো. কামরুল হাসান কমলগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান, ২০২৪ সালে তৎকালীন সরকারের প্রভাব এবং আসামিদের প্রাণনাশের হুমকির কারণে তখন মামলা করা সম্ভব হয়নি। পরবর্তীতে সরকারের পতনের পর পরিস্থিতির উন্নতি হলে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শমশেরনগর শাহীন কলেজের সামনে থেকে ছাত্রজনতা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। বিকেল প্রায় ৩টার দিকে মিছিলটি শমশেরনগর শহীদ মিনারের সামনে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলে অংশ নেওয়া ছাত্রজনতার ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে বেশ কয়েকজনকে গুরুতর জখম করে। হামলায় মামলার বাদী মো. কামরুল হাসানসহ কয়েকজন আহত হন। পরে তারা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এদিকে, বুধবার (২০ আগস্ট) সকালে তোফায়েল আহমদ তুহিন বাড়িতে এসেছেন এমন খবরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তবে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তোফায়েল আহমদ তুহিনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছিলো।