স্টাফ রিপোর্টার, বড়লেখা ::
ফেসবুকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার ঘটনার জেরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায় ছাত্রদল নেতা কাজী মাহমুদ আহমদ নাবিলের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাবিলের ছবি ভাইরাল হওয়ার পর একদল যুবক অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িতে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাড়িতে থাকা নাবিলের বৃদ্ধ পিতা কাজী মোরাদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
নাবিলের পিতা কাজী মোরাদ বলেন, কয়েকজন যুবক হঠাৎ আমাদের বাড়িতে এসে চড়াও হয়। তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। যাওয়ার সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে গেছে, নাবিল যদি কোনোদিন দেশে ফেরে তাহলে তাকে হত্যা করা হবে।
এদিকে যোগাযোগ করা হলে যুক্তরাজ্য থেকে ছাত্রদল নেতা কাজী মাহমুদ আহমদ নাবিল বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে পুরনো ও বিভিন্ন সময়ের ছবি ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু সেই ঘটনার জেরে আমার বয়স্ক বাবার ওপর হামলা, বাড়িতে ভাঙচুর এবং আমাকে দেশে ফিরলে হত্যার হুমকি দেওয়া কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নাবিল আরও বলেন, ছাত্রদলের অভ্যন্তরে আমাকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে আমি দেশে গেলে ভবিষ্যতে বড় কোনো সাংগঠনিক দায়িত্ব পেতে পারি। মূলত এ কারণেই একটি পক্ষ আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজনৈতিক হিংসা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকে দলের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ রকম কোনো ঘটনা শুনিনি। ঘটনার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।