উপজেলা প্রতিনিধি, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা কলেজ ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার প্রমার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় পরিবারের সদস্যরা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন প্রমা।
প্রমার বাবা জালাল উদ্দিন শনিবার সন্ধ্যায় জানান, বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে কোনোকিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করে। এ ঘটনায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তানজিনা আক্তার প্রমা বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। ছাত্রলীগ করার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি পক্ষ আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে থানায় মামলা দিয়েছে। এখন আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমিও মানসিকভাবে বিপর্যস্ত আছি।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, এ রকম কোনো ঘটনা এখন পর্যন্ত শুনিনি। খোঁজ নিচ্ছি বলে তিনি জানান।