সুনামগঞ্জে সম্পত্তির লোভে বাবা ও ছেলের উপর হামলা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪
সুনামগঞ্জে সম্পত্তির লোভে বাবা ও ছেলের উপর হামলা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :::
সুনামগঞ্জ সদর উপজেলার রাজানগর এলাকায় পারিবারিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গত ২৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পূর্ব পরিকল্পিতভাবে জুয়েল মিয়ার চাচারা জুয়েল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তাঁকে ও তাঁর বাবাকে মারধর করে গুরুতরভাবে আহত করে ।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তির মালিকানা ও ভোগদখল নিয়ে জুয়েল মিয়ার পরিবারের সঙ্গে তাঁর চাচাদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ঘটনার দিন তাহার চাচা ও তাদের সমর্থকরা সংঘবদ্ধভাবে জুয়েল মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির বিভিন্ন কক্ষের আসবাবপত্র, দরজা-জানালা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় জুয়েল মিয়া ও তাঁর বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তবে এমন সহিংস ঘটনার ফলে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগী জুয়েল মিয়া বলেন, “আমাদের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা শুধু আমাদের মারধরই করেনি, বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিন উল্লাহ এর সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করব।